নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে ইলিশ ধরার দায়ে ১১ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
আটক জেলেদের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার মিটার জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সম্মিলিতভাবে নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ জেলেকে আটকসহ তাদের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার মিটার জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে আটকদের সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন বলেন, ‘মা ইলিশ রক্ষায় সরকার নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে। এ নির্দেশনা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত থাকবে।’
মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এসময় মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
