মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রচারাভিযান চালিয়েছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আনসার-ভিডিপির ওয়ার্ড লিডার ফয়সল আহমেদ, পিভিএমএসের উদ্যোগে প্রচারাভিযানটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে বাহিনীর শতাধিক সদস্য অংশ নেন।
পরবর্তীতে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মজিবুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, “মাদক নির্মূলে পুলিশ, আনসার-ভিডিপি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। একটি সুস্থ সমাজ গঠনে মাদকবিরোধী জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।”
কর্মসূচির উদ্যোক্তা ফয়সল আহমেদ জানান, মাদক তরুণ প্রজন্ম ও পুরো সমাজের জন্য এক আশঙ্কাজনক ব্যাধি। এই সংকট মোকাবিলায় দ্রুত সামাজিক প্রতিরোধ ও ধারাবাহিক সচেতনতা জোরদার করা আবশ্যক।
অনুষ্ঠানে উপজেলা প্রশিক্ষক আরিফুল ইসলাম, লিডার জামাল মিয়া, রোমান ও সায়মন আহমেদসহ আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
