দিনাজপুরের হাকিমপুরের হিলি ও জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক অভিযান চালিয়ে ৬০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৬৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আগুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২১ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর পাঁচবিবি বিশেষ ক্যাম্প ও মংলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা উপজেলার লতির বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আগুন জব্দ করেন।
একই দিন মংলা বিশেষ ক্যাম্পের সদস্যরা হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালান। এ সময় সীমান্তের মেইন পিলার ২৮৮ থেকে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পানের বরজের পাশ থেকে মালিকবিহীন ৬০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির ধারণা, জব্দ করা পণ্যগুলো চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান চলবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
