ফ্যাশন জগতে নিজের সৃজনশীলতা দিয়ে স্বতন্ত্র পরিচয় গড়তে চান ফ্যাশন মডেল ও ডিজাইনার ফারহানা কামাল। বর্তমানে পড়াশোনার পাশাপাশি মডেলিং করছেন তিনি। ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ভিজ্যুয়াল মিডিয়াতেও নিজের দক্ষতার স্বাক্ষর রাখতে চান এই তরুণী।
ছোটবেলা থেকেই রংতুলি ও নান্দনিক সৃষ্টির প্রতি আগ্রহ ছিল ফারহানা কামালের। সেই আগ্রহই তাঁকে ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি আকৃষ্ট করেছে।
ফারহানার বেড়ে ওঠা লক্ষ্মীপুর শহরে। তাঁর স্কুল ও কলেজজীবন কেটেছে সেখানেই। শৈশব থেকেই সৃজনশীল কাজের প্রতি বিশেষ দুর্বলতা ছিল তাঁর। ছবি আঁকা, রং নিয়ে কাজ করা এবং নতুন কিছু তৈরি করার আগ্রহ ধীরে ধীরে তাঁকে ফ্যাশন ডিজাইনিংয়ের দিকে নিয়ে যায়।
নিজের পছন্দের বিষয়কে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বর্তমানে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছেন তিনি। ফারহানার মতে, স্বপ্ন পূরণের পথে পরিবারের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর পথচলায় পরিবার সব সময় পাশে থেকেছে। এই সহযোগিতা তাঁকে আত্মবিশ্বাসের সঙ্গে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।
পড়াশোনার পাশাপাশি মডেলিংয়েও সময় দিচ্ছেন ফারহানা। শুরুতে মডেলিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার পরিকল্পনা না থাকলেও আশপাশের মানুষের উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি এই অঙ্গনে যুক্ত হন। ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন কাজের প্রস্তাবও পাচ্ছেন তিনি। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। নিজের পছন্দ ও পরিকল্পনার সঙ্গে মানানসই ভালো কাজের অপেক্ষায় রয়েছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও স্পষ্ট ধারণা রয়েছে ফারহানার। স্নাতক শেষ করে নিজের একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করতে চান তিনি। ডেনিম ইন্ডাস্ট্রি নিয়ে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। এই খাতে কাজ করে নতুনত্ব ও সৃজনশীলতার সমন্বয়ে নিজস্ব ধারা তৈরি করার স্বপ্ন দেখেন তিনি।
ফারহানার লক্ষ্য কেবল মডেলিং কিংবা ডিজাইনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজের কাজের মাধ্যমে ফ্যাশন জগতে আলাদা অবস্থান তৈরি করা। পড়াশোনা, অভিজ্ঞতা ও পরিশ্রমকে সঙ্গী করে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে চান তিনি।
বিআলো/শিলি