আরবি বিভাগের অধ্যাপক হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলা তুমুল সমালোচনার তীব্র জবাব দিয়েছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়াকে কবর থেকে তুলে এনে ভিসি বানাতে হবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজের নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে চলা সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি যখন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন, তখন পিরোজপুরের ফেসবুক ও সংবাদমাধ্যমগুলো উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা থেকে রাজশাহী—বিভিন্ন জায়গায় কিছু মানুষের মধ্যে একধরনের জ্বালা-যন্ত্রণা শুরু হয়।
উপাচার্য ড. ছবিরুল ইসলাম হাওলাদার তাঁর নিয়োগের নেপথ্য কারণ ব্যাখ্যা করে বলেন, তাঁকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এর নেপথ্যে মহান আল্লাহর ইচ্ছায় ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ব্যক্তিগত জীবন ও আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, ছোটবেলা থেকেই তিনি কোরআন ও রাসুলকে ভালোবেসেছেন এবং সাধ্যমতো সে অনুযায়ী আমল করার চেষ্টা করে গেছেন। পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য তিনি কখনো কাজ করেননি এবং ভবিষ্যতেও করবেন না।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে নৈতিকতা ও সততার বার্তা দিয়ে উপাচার্য বলেন, তোমরা তোমাদের নিয়ত সহিহ করো, তবেই আল্লাহ দুনিয়াতে ইজ্জত এবং সম্মান দান করবেন।
উল্লেখ্য, ৮ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একজন অধ্যাপকের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়াকে কেন্দ্র করে তখন থেকেই বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।
