সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ছেলের মৃত্যুর প্রায় এক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ছেলে মারা যাওয়ার পর দুপুরে তাঁর মরদেহ কবরস্থানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান মা। পরে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা ও ছেলেকে।
মর্মান্তিক এ ঘটনায় বেতুয়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার (৫৯) মারা যান। তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনেরা শোকে ভেঙে পড়েন। পরে দুপুর ১টার দিকে সাইফুলের মরদেহ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নেওয়া হয়।
এরপর দুপুর সোয়া ১টার দিকে তাঁর মা তারা বানু (৭৭) মারা যান। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক।’
একই দিনে মা ও ছেলের মৃত্যুতে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে তাঁদের বাড়িতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা।
