কালবেলা · সাধারণ
প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ, সন্ধান মেলেনি যুবকের
২২/১০/২০২৬

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে বংশাই নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক। নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি।
বিজয় চন্দ্র সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিয়ে প্রায় ৪০ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিল। এ সময় নৌকার ছাদে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি চলছিল। স্থানীয়দের দাবি, দলটির অধিকাংশই মদ্যপ অবস্থায় ছিলেন।
নৌকাটি বংশাই নদীর দুলশিমুল এলাকায় পৌঁছালে বিজয় হঠাৎ নদীতে পড়ে যান বিজয় চন্দ্র। পরে তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে নদীর পাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার জুয়েল বলেন, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে টাঙ্গাইল থেকে আসা একজন ডুবুরি উদ্ধার অভিযান চালাচ্ছেন। তার মতে, একজন ডুবুরির পক্ষে দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন করা কঠিন। ডুবুরির সংখ্যা বাড়ানো হলে নিখোঁজ যুবককে খুঁজে পাওয়া সহজ হতো।
সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার সবুজ হোসেন বলেন, সখীপুরে ডুবুরি ইউনিট না থাকায় টাঙ্গাইল থেকে ডুবুরি এনে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সখীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানের সার্বিক তত্ত্বাবধান করছেন। তবে এখনো পর্যন্ত বিজয়কে উদ্ধার করা সম্ভব হয়নি।
মূল প্রতিবেদনে যান ↗