আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমানের নেতৃত্বে নগরীর ধোপাদিঘীরপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের আব্দুল কুদ্দুস রায়হানের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-স্কুলবিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান খান আকাশ। এ ছাড়া সংগঠনের সদস্য জুনেদ আহমদ, রাসেল আহমদ, জাহিদ হাসান, আব্দুল হান্নান গাজী, আব্দুল ওয়াদুদ, রুবেল আহমদ, কয়েছ আহমেদ, রিয়াজ আহমদ, জাহাঙ্গীর হোসেন, রায়হান হাসান, রবিউল হুসাইন, কায়ছার আলম ও মাহমুদ আলীসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তাঁরা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে প্রতিবাদ অব্যাহত রাখবেন।
বক্তারা আরও বলেন, দেশের স্বার্থ রক্ষা এবং সব ধরনের অপতৎপরতা মোকাবিলায় তাঁরা দৃঢ় অবস্থানে রয়েছেন। এ সময় তাঁরা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
The post সিলেটে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ appeared first on ভোরের চেতনা.
