নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সাত জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাত ২টা থেকে সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকায় তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ফরিদপুর সদরের মাঝেমিয়ার ডাঙ্গি এলাকার মো. রিপন খান (৩৫) ও ইকরাম মৃধা (২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকার শেখ আয়নাল (৫৭), তালেব খাঁর ডাঙ্গী এলাকার মো. মিজান শেখ (২৭), আমিন ফকিরের ডাঙ্গী এলাকার সোবহান শেখ (৩০) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নইমুদ্দিন খাঁ পাড়ার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।
দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা পাঁচ হাজার মিটার কারেন্ট জালের আনুমানিক বর্তমান বাজারমূল্য এক লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার করা ইলিশ মাছগুলো পরে স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সাতজনকে আটকসহ পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এসব মাছ এতিমখানায় বিতরণ করেছি।
তিনি আরও বলেন, আটক সাতজনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে তিনটি নিয়মিত মামলা করা হবে। পরে তাদের আদালতে সোপর্দ করব।
