খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ সর্বস্ব হারানো বিধবা নুরজাহানে বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন নেতারা। এ সময় তাঁর বসবাসের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণাও দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরজাহানে বেগমের বাড়ি পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে যায় বড়নাল ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি প্রয়াত আব্দুল জব্বারের স্ত্রী নুরজাহানে বেগমের বসতঘর। আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে অসহায় বিধবা নুরজাহানে বেগম চরম দুর্ভোগে পড়েন।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে পাঁচ বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।
পরিদর্শনকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, বড়নাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলেমান বাদশা, যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন জালাল, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম ডিলার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, অগ্নিকাণ্ডে নুরজাহানে বেগমের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি একজন অসহায় বিধবা। এমন দুর্দিনে তাঁর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাঁর ক্ষতি পুষিয়ে নিতে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে আমরা সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতা করব। তাঁর বসবাসের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে পাঁচ বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
জেএইচআর
