রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে বিশাল সেন্টারের সামনে পার্ক করে রাখা গাড়িটিতে গুলি চালানো হয়। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। এ ঘটনায় কেউ হতাহত হননি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির ঘটনা এবং এর পেছনের কারণ অনুসন্ধান করছে পুলিশ। জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের স্থানে আসিফ আকবরের গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে পাঁচটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ জানতে পারে, গুলির সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তাঁর নিজস্ব কার্যালয়ে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কে বা কারা গুলি চালিয়েছে এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে শনিবার সকাল ৯টার দিকে আসিফ আকবরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানা যায়নি।
সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সানা/আপ্র/২৪/১০/২০২৬
