ট্রাম্প বলেছেন, এশিয়া সফরকালে তিনি উত্তর কোরিয়ার কিমের সাথে বৈঠক করতে পারেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি আগামী মাসে এশিয়া সফরকালে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে বৈঠক করতে পারেন।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি কিমের সাথে বৈঠক করার কথা ভাবছেন কি না। ট্রাম্প উত্তরে বলেন, “হতে পারে।” এরপর ট্রাম্প বলেন, “ব্যাপারটি বেশ রোমাঞ্চকর হবে, তাই না? তবে, তার সঙ্গে আমার ভালোই বনিবনা হয়।”
উল্লেখ্য, নভেম্বর মাসে দক্ষিণ চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষসম্মেলনে ট্রাম্পের যোগদানের কথা রয়েছে।
এদিকে, হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প অ্যাপেক সম্মেলনের আগে ফিলিপাইনে অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের শীর্ষসম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।