টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত শনিবার ‘খবর টুঙ্গিপাড়া’ নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এতে চেয়ারম্যানসহ কয়েকজনকে লুডু দিয়ে জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে কথাবার্তা বলতে দেখা যায়। এ ঘটনায় উপজেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। অভিযুক্ত নিজাম শেখ ডুমুরিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পাকুরতিয়া গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে। লুডু জুয়ার লেনদেনের ভিডিওর ব্যাপারে চেয়ারম্যান নিজাম কোনো বক্তব্য না দিয়ে গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানীর নাম ভাঙিয়ে হুমকি দেন। ওসি আইয়ুব আলী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।