জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার কিছুক্ষণ পর নিজের যাচাইকৃত ফেসবুক পেজে আসিফের ছবি ও ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি দিয়ে একটি পোস্ট করেন ওমর সানি। এ ঘটনাকে বিনোদন অঙ্গনের জন্য অশুভ সংকেত হিসেবে উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে ওমর সানি লিখেছেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
পুলিশের তথ্য অনুযায়ী, গুলির সময় গাড়ির ভেতরে ছিলেন না সংগীতশিল্পী আসিফ আকবর। ফলে তিনি অক্ষত ও নিরাপদ রয়েছেন। তবে একজন জনপ্রিয় তারকার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় বিনোদন অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর সানির সহমর্মিতাপূর্ণ পোস্টটি ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। আসিফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও বিনোদনপ্রেমীরা।
এমএমটি
-20261024073215.jpg&w=1440&q=75)