ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মাহি ভিজ জানিয়েছেন, বিচ্ছেদের পর সাবেক স্বামী জয় ভানুশালী আর্থিক সহায়তা দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি। নিজের যোগ্যতায় স্বাবলম্বী হয়ে জীবন চালাতে চান বলেই খোরপোশ নিতে আগ্রহী নন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘বিগ বস ২০’-এর ঘরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এ বিষয়ে মুখ খোলেন মাহি। সহ-প্রতিযোগী আরিশফা খানের সঙ্গে বিবাদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় কথোপকথনে উঠে আসে মাতৃত্ব, বিচ্ছেদ এবং একা হাতে সন্তানকে বড় করে তোলার অভিজ্ঞতা।
মাহি জানান, বিচ্ছেদের পর জয় তাকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি আদালতের বিচারকও তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছিলেন। তবে নিজের অবস্থানে অটল থাকেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার জীবনের বড় অংশজুড়েই রয়েছে মেয়ে তারা। মেয়েকে কেন্দ্র করেই তার দৈনন্দিন জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা। জয় তাকে নিজের মতো করে জীবন কাটানোর পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে মেয়ের দেখাশোনার দায়িত্বও নিতে চেয়েছেন, যাতে মাহি নিজের কাজ ও ব্যক্তিগত জীবনে সময় দিতে পারেন। কিন্তু মেয়েকে ছেড়ে নিজের মতো করে জীবন কাটানো তার কাছে সহজ নয়।
খোরপোশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে মাহি বলেন, তিনি নিজের সামর্থ্যে জীবন গড়ে তুলতে চান এবং সাবেক স্বামীর উপার্জনের ওপর নির্ভরশীল থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে জয় যে তাকে সাহায্য করতে চান না, বিষয়টি এমন নয়। বরং প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
মাহির মতে, জয়কে অর্থ উপার্জনের জন্য দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়েছে। তাই তার উপার্জনের ওপর নির্ভর না করে নিজের যোগ্যতায় স্বাবলম্বী হওয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।
একসময় টেলিভিশন জগতের পরিচিত তারকা দম্পতি ছিলেন জয় ভানুশালী ও মাহি ভিজ। ২০১০ সালে বিয়ে করেন তারা। এই দম্পতির তিন সন্তান রয়েছে, যাদের মধ্যে দুজন দত্তক নেওয়া। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের অবসানের খবর প্রকাশ্যে আসে ২০২৫ সালের অক্টোবরে।
