মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পেয়েছেন জেলা মহিলা দলের সভাপতি ও জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম।
শনিবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস ম্যা ম্যা চিং স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। একই আদেশে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা অফিস আদেশ বাতিল ঘোষণা করে জেলা পরিষদের সদস্যদের দপ্তর পুনর্বণ্টন করা হয়।
এ বিষয়ে জেলা পরিষদ সদস্য কাজী নিরুতাজ বেগম বলেন, সদস্য হিসেবে তিনি ক্রীড়াঙ্গনের টেকসই উন্নয়নে মনোযোগ দেবেন এবং এ লক্ষ্যে কাজ করবেন। তৃণমূল পর্যায়ে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ, ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দিতে চান তিনি।
এসব লক্ষ্য অর্জনে ক্রীড়া উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
কাজী নিরুতাজ বেগম বলেন, “ক্রীড়ার মানসম্মত ও টেকসই উন্নয়নের জন্য শুধু বড় বড় প্রকল্প গ্রহণ করলেই হবে না; উন্নয়নের সুযোগ প্রান্তিক পর্যায়েও ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তারপরও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ক্রীড়া পরিকল্পনার ভিশন প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে আমি চেষ্টা করব।”
এ সময় তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই জেলা পরিষদের সদস্য হিসেবে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”
The post বান্দরবান জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পেলেন কাজী নিরুতাজ বেগম, appeared first on sokalerkhobor24.com.
