প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০৮ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। মঙ্গলবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাশেদ খান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের পরিবেশ সুন্দর রাখতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তাই উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। উৎসব চলাকালে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলী,তবিবুর রহমান মিনি, এস এম শামসুল আলম, ইসরাইল হোসেন জীবন, হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় আনন্দমুখর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
