Published on
:
2 min read
ডি-কোম্পানির দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে সংঘাতে জড়াল নয়াদিল্লি। আন্ডারওয়ার্ল্ড ডন আদতে কোন দেশের? দাউদকে ‘ইন্ডিয়া বেসড’ বলে দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জ। বুধবার সাধারণ পরিষদের তৃতীয় বৈঠকে এর তীব্র প্রতিবাদ করে রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী। তিনি বলেন, ‘ওসামা বিন লাদেন যে দেশে ছিলেন, দাউদও সেখানেই রয়েছেন।’
দাউদের জন্ম এবং বেড়ে ওঠা মুম্বইতে। তবে ১৯৯৩-এ মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পরেই গা ঢাকা দেন তিনি। একাধিক গোয়েন্দা সূত্রের দাবি, তিনি প্রথমে পশ্চিম এশিয়ায় গা ঢাকা দেন। সেখান থেকে পাকাপাকি ডেরা বাঁধেন পাকিস্তানে। কিন্তু গত জুলাইতে সন্ত্রাসবাদ ও মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে রাষ্ট্রপুঞ্জের স্পেশাল র্যাপোর্টিয়ার বেন সাউল দাবি করেন, ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম ভারত থেকেই কাজ চালাচ্ছেন।’
এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ করে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী। তিনি বলেন, ‘একটা বিষয়ে সংশোধন করতে চাই, ২০০৩-এ রাষ্ট্রপুঞ্জ মোস্ট ওয়ান্টেড ঘোষণার অনেক আগেই তিনি ভারত ছেড়ে পালিয়ে যান।’ তবে নিজের বক্তব্যে সরাসরি পাকিস্তানের নাম নেননি তিনি। রঘুর কথায়, ‘যে দেশ থেকে ওসামা বিন লাদেনকে খুঁজে হত্যা করা হয়েছিল, দাউদ সেখানেই রয়েছেন।’
রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে পক্ষপাতের ছাপ রয়েছে বলেও অভিযোগ করেন রঘু পুরী। তিনি সরাসরি বলেন, ‘রাষ্ট্রপুঞ্জের নিরপেক্ষতা এবং সততা বজায় রাখা উচিত।’ এর পরেই নাম না করে পাকিস্তানের দিকে আঙুল তোলেন তিনি। রঘুর বক্তব্য, ‘সন্ত্রাসে মদতদাতারা নিজেদের কাজকে বৈধতা দিতে মানবাধিকারকে ঢাল করছে।’ বেন সাউলকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। রঘুর অভিযোগ, ‘বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এমন অদক্ষতা রাষ্ট্রপুঞ্জেরই ক্ষতি করছে।’
অতীতেও পাকিস্তানকে জঙ্গিদের মদতদাতা বলে কটাক্ষ করেছে নয়াদিল্লি। ৯/১১ হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেন কোনও সীমান্ত এলাকায় নয়, বরং পাকিস্তানের জনবহুল এলাকায় আশ্রয় নিয়েছিলেন বলে স্পষ্ট ভাষায় জানিয়েছিল ভারত। এ বারও লাদেনের সঙ্গে দাউদকে জুড়ে দিয়ে কটাক্ষ করল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিনিধির বক্তব্যকে রঘু ‘সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে করা প্রচার’ বলেও কটাক্ষ করেন।
