কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় টুপটুপ রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আটক ম্যানেজার সুমনকে থানায় নেওয়া হচ্ছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। পরে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে, শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ সূত্র জানা গেছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে মোট রুম ছিল ৯টি। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিন রুমের পর্যটক চেকআউট হয়ে চলে যান। বাকি ৬ রুমে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্য থেকে ৫ থেকে ৬ জনের মতো সকালে বেরিয়ে বিভিন্ন কাজে বাইরে ছিলেন।
এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর খবর পেয়ে সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
