প্রচ্ছদ » নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার নগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিচালিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ১২ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০:
এদিকে, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেয়ার ডিল সিরাপ, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে বোয়ালিয়া, রাজপাড়া, কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা এবং ডিবি পুলিশের পৃথক অভিযানে রানীবাজারের রেশমপট্টি এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ তিনজন, ছোটবনগ্রাম নিউ কলোনি এলাকা থেকে ৩ পিস ইয়াবাসহ জমেলা (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া রাজপাড়া, কর্ণহার, কাশিয়াডাঙ্গা, মতিহার ও কাটাখালী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেয়ার ডিল সিরাপ ও ৫০০ গ্রাম গাঁজাসহ আরও কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
