মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
চার দিন বন্ধ থাকার পর পর্যটকদের ভ্রমণের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এর আগে, গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ ও পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ওই সময় সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
সাজেক-দীঘিনালা সড়কে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেকে যাতায়াতকারী পর্যটক ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষণার চার দিন পর পর্যটনকেন্দ্রটি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর ফলে সাজেক ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য আবারও ভ্রমণের সুযোগ তৈরি হলো।
The post চার দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক ভ্যালি, ঘোষণা প্রশাসনের। appeared first on Ctgtimes.com.
