Published on
:
2 min read
মঞ্চে তখন সুরের মূর্চ্ছনায় শ্রোতাদের মায়াজালে শক্ত করে বেঁধে রেখেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা গায়িকা শিল্পা রাও। অথচ লাইভ পারফরম্যান্স চলাকালীন মাঝপথেই হঠাৎ বন্ধ করে দেওয়া হলো গায়িকার মাইকের সংযোগ এবং আলো! উপস্থিত ভক্তদের ধন্যবাদ জানানোর সুযোগটুকুও দেওয়া হলো না তাঁকে। মুম্বইয়ের ‘বলিউড মিউজ়িক প্রজেক্ট’-এ ঘটে যাওয়া এই অনভিপ্রেত ও অপমানজনক ঘটনায় তোলপাড় গোটা সঙ্গীতমহল। এ বার এই চরম অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়ে শিল্পা রাওয়ের পাশে এসে দাঁড়াল চলচ্চিত্র কর্মীদের শীর্ষ সংগঠন ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)।
গত শনিবার মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড গার্ডেন্স-এ আয়োজিত ‘বলিউড মিউজ়িক প্রজেক্ট’। এই শোয়ের অন্যতম মূল আকর্ষণ ছিলেন শিল্পা রাও এবং হিমেশ রেশমিয়া। প্রত্যক্ষদর্শীদের কথায়, শিল্পা রাও যখন মঞ্চে গান গাইছিলেন, তখন থেকেই বারবার তাঁর পারফরম্যান্সে বাধা সৃষ্টি করা হচ্ছিল। এর পরেই আচমকাই গান গাওয়ার মাঝপথে তাঁর মাইক ও স্টেজ লাইট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। শিল্পা শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এগিয়ে গেলেও মাইক না থাকায় কথা বলতে পারেননি। উল্টে তিনি মঞ্চে থাকাকালীনই পরবর্তী শিল্পীর পরিবেশনা শুরু করে দেওয়া হয়, যা প্রত্যক্ষ করে স্তম্ভিত হয়ে যান উপস্থিত দর্শকরা।
ঘটনার পর গভীর দুঃখ প্রকাশ করে ইনস্টাগ্রামে শিল্পা রাও লেখেন, ‘মুম্বই, আজ রাতে আমার মন ভেঙে গেল। এই সুন্দর মুহূর্তটা এ ভাবে নষ্ট হয়ে যাওয়ায় ভীষণ কষ্ট হচ্ছে। তবে গান থেমে গেলেও আপনারা থামেননি। আমার নাম ধরে যে ভাবে আপনারা চিৎকার করছিলেন, সেই ভালোবাসা আমি অনুভব করতে পেরেছি। আমাদের আজকের গল্পটা অসম্পূর্ণ রয়ে গেল, আমি আবারও ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছি।’
শিল্পা রাওয়ের মতো একজন স্বনামধন্য ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীর সঙ্গে এমন আচরণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। এক্স হ্যান্ডল-এ একটি দীর্ঘ বিবৃতি দিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)। সংগঠনের তরফে বলা হয়, লাইভ পারফরম্যান্স চলাকালীন কোনও শিল্পীর মাইক ও লাইট জোর করে বন্ধ করে দেওয়া এবং তাঁকে সরিয়ে অন্য কাউকে মঞ্চে তুলে দেওয়া অপরাধ। বলিউড মিউজ়িক প্রজেক্ট শিল্পা রাওয়ের সঙ্গে যে অপমানজনক আচরণ করেছে, তা কখনই মেনে নেওয়া হবে না।
সংগঠন আরও জানায়, শিল্পা রাও যদি এই আয়োজকদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ বা ব্যবস্থা নিতে চান, তবে AICWA তাঁকে সমস্ত ধরনের আইনি সহায়তা প্রদান করবে। ভবিষ্যতে যদি কোনও শিল্পীর সঙ্গে এমন কুরুচিকর আচরণ করা হয়, তবে দায়ীদের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আয়োজনকারীদের সতর্ক করে বলা হয়েছে, শিল্পীদের সম্মান জানাতে হবে। অন্যথায় শিল্পীরা তাঁদের ইভেন্টে পুরোপুরি বয়কট করবেন।