গবেষণা ও একাডেমিক প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেন এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাহমিদ মোস্তফা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাজলা ফাতমি এবং অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রধান জাহিদ হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও একাডেমিক প্রকাশনা কার্যক্রমের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নাল। এর মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদদের গবেষণালব্ধ ফলাফল প্রকাশ, জ্ঞান বিনিময় এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে অবদান রাখার সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জার্নালটির আন্তর্জাতিক প্রকাশনা-পরিচিতি ও গবেষণাপত্র শনাক্তকরণব্যবস্থা জোরদার করতে এতে ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) প্রিফিক্স 10.66460 অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিওআই ব্যবস্থার মাধ্যমে প্রকাশিত গবেষণাপত্রের জন্য স্বতন্ত্র ডিজিটাল শনাক্তকারী নির্ধারণ করা যায়। এটি গবেষণাপত্রের পরিচিতি, উদ্ধৃতি এবং অনলাইনে অনুসন্ধানযোগ্যতা বাড়াতে সহায়তা করে।
অনুষ্ঠানে অতিথিরা জার্নালটির প্রকাশনা কার্যক্রমের সাফল্য কামনা করেন। পাশাপাশি গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে জার্নালটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। ধারাবাহিকভাবে মানসম্মত গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে জার্নালটি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি অর্জন করবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম বৃদ্ধিতে অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন অতিথিরা।
জার্নালটির সম্পাদকীয় দলের নেতৃত্বে রয়েছেন সম্পাদক মো. আনিসুর রহমান। দলে আরও রয়েছেন সহ-সম্পাদক মো. হাবিবুল্লাহ এবং সহযোগী সম্পাদক মো. আজিজুল ইসলাম আশিক।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের আনুষ্ঠানিক উন্মোচন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের বিকাশে একটি উল্লেখযোগ্য মাইলফলক। ভবিষ্যতে মানসম্মত গবেষণা প্রকাশ, জ্ঞান বিনিময় ও উচ্চশিক্ষার উন্নয়নে জার্নালটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁদের প্রত্যাশা।
