নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে সাহেব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি বউবাজার এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সাহেব আলীকে তাঁর সহযোগী রনি ও আসলাম গুলি করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর এক সহযোগী রনি তাঁকে গুলি করেন বলে জানা গেছে। সাহেব আলীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় সাহেব আলীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় র্যাব-১১-এর একটি দল। এ সময় সাহেব আলীর নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাবের চার সদস্য আহত হন। হামলার সুযোগে সাহেব আলী পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
এমএ
