প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৬:৫৯ পিএম
জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করার পর চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০) এবং তাঁর সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।
ডিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে অটোভ্যানচালক শাখাওয়াত হোসেনের ভ্যানটি ভাড়া নেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা ব্রিজের কাছে একটি নির্জন এলাকায় পৌছালে হাবিল লোহার শাবল দিয়ে শাখাওয়াতের মাথায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরে নিহতের গামছা দিয়ে রক্তের দাগ মুছে সেটি ও ব্যবহৃত লোহার শাবল ব্রিজের নিচে ফেলে দেন হাবিল। এরপর অটোভ্যানটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান তিনি। পরে চক্রের অপর সদস্য আনোয়ার হোসেনের সহায়তায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয় বলে ডিবি জানিয়েছে।
এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির নগদ দুই হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
জয়পুরহাট জেলা ডিবির ওসি রাজু কামাল জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।
