রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাজশাহীর পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর পথে রওনা দেন।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসেন।
সেখান থেকে বাসযোগে রংপুরের উদ্দেশে রওনা দেন। পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে নেমে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে খেলাসামগ্রী উপহার দেন। পরে বাসযোগে রংপুরে যাওয়ার পথে সড়কের দুপাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা দেন। এতে প্রধানমন্ত্রীও বাস থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান৷ রংপুরে যাওয়ার পথে রংপুরের তারাগঞ্জ ও পাগলাপীরে পথসভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।
পরে তাকে বহনকারী বাস রংপুরের উদ্দেশে যায়। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে এসে রাজশাহীর উদ্দেশে রওনা হন।
রাজশাহীতে প্রধানমন্ত্রী জনসভা
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মঙ্গলবার বিকেল ৩টায় জনসভা শুরুর কথা থাকলেও দুপুর থেকে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের সভাস্থলে দলে দলে আসতে থাকে নেতাকর্মীরা।
জনসভাস্থলে ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে আসছেন নেতাকর্মীরা। এ সময় ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলে আসতে দেখা গেছে তাদের।
রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। এদিন তিনি নাটোর, রাজশাহী ও গোপালপুরের আখচাষীদের প্রণোদনার টাকা তুলে দেবেন। এ লক্ষে এসব অঞ্চলের আখ চাষিরা মাদ্রাসা মাঠের জনসভাস্থলে এসেছেন।
গোদাগাড়ী উপজেলা থেকে আসা আব্দুস সালাম নামের একজন বিএনপির কর্মী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য এসেছি। তার মুখের কথা শুনব বলে। নির্বাচনের আগে তিনি রাজশাহীতে এসেছিলেন। সেদিন আমি আসতে পারিনি।
মতিহার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন ইসলাম বলেন, এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ধর্মীয় উৎসবে ঢাকার বাইরে এলেন। এটা অনেক ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি সব শ্রেণির মানুষ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহীর মাদ্রাসা মাঠ সাজানো হয়েছে। মাঠে নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা জায়গা করা হয়েছে। সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন রয়েছে। সেই সব ব্যনার ও ফেস্টুনে প্রধানমন্ত্রীর আগম ঘিরে বিভিন্ন স্লোগান লেখা রয়েছে।
রাজশাহীতে পৌঁছে নগরীর গণকপাড়ার রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল ৩টায় তিনি মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন।
শাহিনুল আশিক/এএমকে
