৪ নভেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ। এরপর টেস্ট সিরিজ। তবে এখনও দুই ফরম্যাটের দল ঘোষণা করেনি ভারত। কেন? কারণ বোর্ড এখন অপেক্ষা করছে প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানার ফিট হওয়ার জন্য। দু’জনেই চোটে কাবু। ফিট নন ঋষভ পন্থও। তবে প্রশ্ন উঠছে, দুই বোলারকে তড়িঘড়ি ফিট করালে ভবিষ্যতে ফের চোটের আশঙ্কা থাকবে না তো? তাছাড়া এই পেসারের উপর কি একটু বেশিই ‘ভরসা’ করছেন কোচ গৌতম গম্ভীর?
৩০ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে চোট পান প্রসিদ্ধ। এখন বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর চিকিৎসা চলছে। তাঁর ফিট হতে দিন পনেরো সময় লাগতে পারে। অন্যদিকে জুলাই মাস থেকে ফিট হওয়ার প্রক্রিয়া চলছে হর্ষিত রানার। দিন দশেকের মধ্যে তাঁরও ফিট হয়ে যাওয়ার কথা। অন্যদিকে ভারতীয় দল ২৮ অক্টোবর নিউজিল্যান্ডে পাড়ি দেবে। এছাড়া ইরানি কাপের ম্যাচে চোট পেয়েছেন ঋষভ পন্থ। তিনি ভারত ‘এ’ দলের দু’টি ম্যাচ খেলতে পারবেন না।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেছেন, “পন্থ ও প্রসিদ্ধ, দু’জনের চোটই খুব একটা গুরুতর মনে হচ্ছে না। তবে বোর্ড কোনও ঝুঁকি নিতে রাজি নয়। তাই দু’জনকেই তিন সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছিল। অন্যদিকে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট, হর্ষিতকে দুই ফরম্যাটে খেলাতে আগ্রহী। আট নম্বরে ব্যাটিং করার জন্য বোলিং অলরাউন্ডার হিসেবে হর্ষিতকে ভাবা হচ্ছে।” আর সেই জন্যই দু’জনের ফিট হওয়ার অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট।
কিন্তু প্রশ্ন হচ্ছে, হর্ষিত ও প্রসিদ্ধ- দু’জনকে নিয়ে কি তাড়াহুড়ো করা হচ্ছে? সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, ফিট হওয়ার পর তড়িঘড়ি মাঠে নামানোয় ফের চোট পেয়েছেন সেই ক্রিকেটার। তাছাড়া দুই ক্রিকেটারের প্রতি কি বেশি ‘নির্ভরশীল’ টিম ইন্ডিয়া? নাকি ভারতে বিকল্প বোলারের অভাব রয়েছে? মহম্মদ শামি থেকে আকিব নবি, তাঁদের কি ফের বঞ্চিত থাকতে হবে?
