নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় পুলিশের অভিযানে ৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার দুপুরে তাঁদের জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে নৈশকালীন টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রংছাতি ইউনিয়ন এলাকা থেকে ‘মায়ের আঁচল’ নামের একটি বাসে করে ভারতীয় মদের চালান কলমাকান্দা বাজারে নিয়ে আসা হচ্ছে।
খবর পেয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৯টা ৫৫ মিনিটে কলমাকান্দা বাজারের রেন্ট্রিতলাস্থ মায়ের আঁচল বাস কাউন্টারের সামনে অবস্থান নেয়। সেখানে তল্লাশি চালিয়ে মো. জাকির হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়।
জাকির উপজেলার রংছাতি এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। তাঁর কাঁধে থাকা কালো রঙের স্কুলব্যাগ তল্লাশি করে ৭৫০ মিলিলিটারের আট বোতল ‘এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি’ উদ্ধার করে পুলিশ। বোতলগুলোর আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
পুলিশ জানায়, জাকিরকে জিজ্ঞাসাবাদে এ চোরাচালানের সঙ্গে একই এলাকার মো. সুমন মিয়া (২৬) ও সারোয়ার হোসেন (৩১) নামে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। উদ্ধার করা মদ সারোয়ারের বাড়িতে নেওয়ার পরিকল্পনা ছিল বলে জানায় পুলিশ।
এরপর রাতেই রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়ায় সারোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে আটক জাকিরের দেখানো মতে, রাত ১১টা ৫০ মিনিটে সারোয়ারের বসতঘরের পেছনের ধানক্ষেত থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতরে ৩৭৫ মিলিলিটারের আরও ২৪ বোতল একই ব্র্যান্ডের ভারতীয় মদ পাওয়া যায়। এসব বোতলের আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা।
পরবর্তী সময়ে চোরাচালান চক্রের আরেক সদস্য মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি স্থানীয় মৃত শেফালী আক্তার ও বুলবুল আহমেদের ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে মদ এনে বাংলাদেশে বিক্রি করে আসছিলেন। অভিযানে সব মিলিয়ে ৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা। ওসি মো. সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। এ ঘটনায় পলাতক আসামি সারোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
The post স্কুল ব্যাগে মদের বোতল! কলমাকান্দায় আটক ২ চোরাকারবারি appeared first on ভোরের চেতনা.
