লক্ষ্মীপুরের রামগতিতে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করতে জেব্রা ক্রসিং অঙ্কন ও সড়কের আইল্যান্ডে রং করার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ২টায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আ স ম আব্দুর রব সরকারি কলেজ, রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ আলেকজান্ডারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সামাজিক প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং অঙ্কন করা হয়। পাশাপাশি সড়কের আইল্যান্ডে রং করা হয়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের নিরাপদে সড়ক পারাপার, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সজীব পাটোয়ারী, সদস্যসচিব মো. ফরহাদ হোসেন, দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক সভাপতি মো. শুভ হাওলাদার, একাদশ শ্রেণি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাকিব, সহসভাপতি হালিম এবং কলেজ ছাত্রদল নেতা সিয়াম, মো. সাফোয়ান ও আরমান হোসেন রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, সড়কে জেব্রা ক্রসিং অঙ্কন ও আইল্যান্ডে রং করার এ উদ্যোগ পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
The post রামগতিতে কলেজ ছাত্রদলের উদ্যোগে জেব্রা ক্রসিং অঙ্কন appeared first on ভোরের চেতনা.
