বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
বরিশাল প্রতিনিধি
-
প্রকাশিত :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে নগরীর রূপাতলীতে সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম। সভাপতির বক্তৃতায় সমাজসেবা কার্যালয়ের পরিচালক বলেন দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় আনতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। তাদের শ্রবণশক্তিসহ অন্যান্য ইন্দ্রিয়ের সক্ষমতা কাজে লাগিয়ে দক্ষ করা সম্ভব। দেশে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদে তাদের নিয়োগের উদ্যোগ নেওয়া যেতে পারে। প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকসংকট দূর করতে প্রশিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়েও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধিতা প্রতিরোধে গর্ভকালীন সময়ে মায়ের সচেতনতা, পর্যাপ্ত পুষ্টি ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে চিকিৎসকদের পাশাপাশি পরিবার এবং সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি সঠিক পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশু প্রতিবন্ধিতার ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন। তিনি আরো বলেন প্রতিবন্ধী শিশুদের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। তাদের মা-বাবা যখন থাকবেনা তখন তাদের দেখভালের দায়িত্বের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ ও সহায়তা কাঠামো গড়ে তোলা প্রয়োজন। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগসহ কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে হবে। তাদেরকে সমাজের বাইরে না রেখে, বরং অন্যদের সাথে সমানভাবে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। অনুষ্ঠানে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল কবির, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ নাকিব হাসান তরফদার ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বদিউল আলম বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, দৃষ্টি প্রতিবন্ধী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com
