প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের দর্শন বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত জরুরি। বিশ্বজুড়ে পরিচয়কেন্দ্রিক সংঘাত, ধর্মীয় বিভাজন ও বর্ণবৈষম্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে উত্তরণে লালনের মানবতাবাদী দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বে নানা ধরনের পরিচয়কেন্দ্রিক সংঘাত তৈরি হয়েছে। মানুষ নিজের পরিচয়কে সামনে এনে সংঘাতে জড়িয়ে পড়ছে। কেউ সাদা না কালো, মুসলিম না হিন্দু, ইহুদি না মুসলিম, এসব পরিচয়কে কেন্দ্র করে বিভেদ ও সংঘাত বাড়ছে। এমন পরিস্থিতিতে লালনের দর্শন অনন্য এবং অত্যন্ত প্রাসঙ্গিক।
তিনি বলেন, ফকির লালন জাত, ধর্ম ও লিঙ্গসহ সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। মানুষের পরিচয়ের চেয়ে মানুষ হিসেবে তার মর্যাদাকে গুরুত্ব দিয়েছিলেন তিনি। পৃথিবী আজ যেসব কারণে অশান্ত হয়ে উঠছে, লালনের দর্শন ঠিক সেই সংকটের জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
স্কুল পর্যায়ে লালনের দর্শন ছড়িয়ে দেওয়ার উদ্যোগ
প্রধানমন্ত্রী তারেক রহমান চান, ফকির লালন সাঁইয়ের শিক্ষা স্কুল পর্যায়েও পৌঁছে যাক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
তিনি বলেন, তিন থেকে চার সপ্তাহ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এসে লালন উৎসব উদযাপন নিয়ে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে, তা জানতে চান। এ সময় তিনি স্কুলভিত্তিক কোনো কর্মসূচি রয়েছে কি না এবং স্কুলের শিশুরা কীভাবে লালন সম্পর্কে জানতে পারবে, সে বিষয়েও খোঁজ নেন।
জাহেদ উর রহমানের বক্তব্যে উঠে আসে, লালনের দর্শনকে কেবল উৎসব কিংবা স্মরণানুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও বৈষম্যহীন সমাজ গঠনের মানসিকতা বিকাশে লালনের জীবন ও দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমী।
