এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। একই সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮৪৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১৮ জন, খুলনায় ২৩০ জন, বরিশালে ১৯৬ জন, রাজশাহীতে ১৮৪ জন, ময়মনসিংহে ৯৭ জন এবং রংপুরে ৭১ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে ৩১৬ জন মারা গেছেন।
এর মধ্যে অক্টোবরের প্রথম ১২ দিনে মারা গেছেন ৭১ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৫৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। আর একই সময়ে ৯৭ হাজার ২৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
