জার্মানিতে জাপানি চালের পরীক্ষামূলক বিক্রি শুরু
জার্মানির রাজধানী বার্লিনের একটি ডিপার্টমেন্ট স্টোরে জাপানি চাল বিক্রি হচ্ছে। যুক্তরাষ্ট্রের পর চাল রপ্তানির একটি প্রধান গন্তব্য হিসেবে ইউরোপকে লক্ষ্য করার টোকিওর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।
ইউরোপের অন্যতম বৃহৎ জনসংখ্যা ও অর্থনীতির দেশ জার্মানিতে সোমবার থেকে জাপানে উৎপাদিত চালের ছোট প্যাকেটের পরীক্ষামূলক বিক্রি শুরু হয়।
ডিপার্টমেন্ট স্টোরটিতে একটি বিশেষ বিভাগ স্থাপন করা হয়, যেখানে ৩০০ গ্রামের চালের প্যাকেটগুলো ক্রেতাদের আকর্ষণ করে। সেখানে ছয়টি ভিন্ন ব্র্যান্ডের চাল বিক্রি হচ্ছে। এই চালগুলো দক্ষিণ-পশ্চিম জাপানের হোক্কাইদো থেকে কুমামোতো পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসে।
ডিপার্টমেন্ট স্টোরে আসা এক নারী বলেন, “আমি ভেবেছিলাম এই ভাতের নির্দিষ্ট কোনো স্বাদ থাকবে না, তবে এর নিজস্ব একটা জোরালো স্বাদ ছিল। এটি আমার ভালো লেগেছে।”
আয়োজনটি জাপান বহির্বাণিজ্য সংস্থা বা জেট্রোর বার্লিন কার্যালয়ের পৃষ্টপোষকতায় করা হয়েছিল।
জেট্রোর একজন কর্মকর্তা বলেন, সংস্থাটি জার্মান ভোক্তাদের জাপানি চাল সম্পর্কে আরও জানাতে চায়।
এর মধ্যে তাদের এটি দেখানোও অন্তর্ভুক্ত রয়েছে যে এই চাল জাপানের বিভিন্ন অংশে উৎপাদিত হয় এবং প্রতিটির স্বাদ ও গঠন ভিন্ন।