The Sangbad · সাধারণ
মেসি-ওতামেন্দিকে ছাড়া নামছে নতুন আর্জেন্টিনা
১৭/১০/২০২৬

লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দির যুগান্তকারী অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর সম্পূর্ণ নতুন আঙ্গিকে মাঠের লড়াইয়ে নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।শনিবার (১৭ অক্টোবর) আর্জেন্টাইন ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এই নতুন দল ও ম্যাচসূচির বিস্তারিত প্রকাশ করা হয়।সূচি অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) বুয়েনস এইরেসের বোকা জুনিয়র্সের ঐতিহাসিক মাঠ লা বোম্বোনেরায় ঐতিহ্যবাহী 'রিও দে লা প্লাতা ডার্বি'তে উরুগুয়ের মোকাবিলা করবে আর্জেন্টিনা। বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনায় রাখা হয়েছে লা প্লাতার এস্তাদিও উনিকোকে। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।বেনিনের বিপক্ষে ম্যাচে দেশের মাটিতে আবেগময় বিদায় নেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তার পাশাপাশি দল থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ওতামেন্দিও। এই দুই সিনিয়র তারকাকে ছাড়া দলকে নতুনভাবে ঢেলে সাজানোর দায়িত্ব পাচ্ছেন কোচ স্কালোনি। এই প্রীতি সফর থেকে আর্জেন্টিনার নতুন স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো।২০২৭ সালের মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ধাপ শুরু হওয়ার আগে স্কালোনির চুক্তি নবায়ন এবং নতুন খেলোয়াড় ও বিভিন্ন কৌশল পরীক্ষা করে দেখার চমৎকার সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই প্রীতি ম্যাচ দুটোকে।/
মূল প্রতিবেদনে যান ↗