মধ্যবর্তী নির্বাচনের প্রচারে ট্রাম্পকে তুলাধোনা করলেন ওবামা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ইরান যুদ্ধ, নিত্যপণ্যের উচ্চমূল্য ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ওহাইও ও মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন তিনি। অন্যদিকে, জর্জিয়ায় এক সমাবেশে ট্রাম্প তার অভিবাসন ও শুল্কনীতির পক্ষে সাফাই গেয়ে যুক্তরাষ্ট্রকে ‘স্বর্ণযুগে’ প্রবেশের দাবি করেন।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে। এর ওপর নির্ভর করবে ট্রাম্প তার বাকি মেয়াদে কতটা সহজে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।
শনিবার ওহাইওর ক্লিভল্যান্ডে এক সমাবেশে ওবামা বলেন, ‘দুই বছর ধরে এমন বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতা দেখেছি, যা আধুনিক যুগে নজিরবিহীন। এবার আপনারা বলার সুযোগ পাচ্ছেন, যথেষ্ট হয়েছে।’
২০২৪ সালের নির্বাচনে অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে যেসব ভোটার ডেমোক্র্যাটদের প্রত্যাখ্যান করেছিলেন, তাদের উদ্বেগের প্রতি সহানুভূতি প্রকাশ করেন ওবামা। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করেন তিনি।
ট্রাম্পের নাম উল্লেখ না করে ওবামা বলেন, ‘আপনারা যদি মনে করে থাকেন, ওই ব্যক্তি ক্ষমতায় আসার আগে সবকিছুর দাম বেশি ছিল, তাহলে এখন সবকিছুর দাম আরও বেশি।’
ইরান যুদ্ধের সমালোচনা করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে ইরানের এমন ক্ষমতা তৈরি হয়েছে, যার মাধ্যমে দেশটি কার্যত অন্য পক্ষের সিদ্ধান্তে ভেটো দেওয়ার সুযোগ পাচ্ছে।
অন্যদিকে, জর্জিয়ার পেরিতে সমাবেশে ট্রাম্প বলেন, তেলের দাম সাময়িকভাবে বেশি থাকলেও যুক্তরাষ্ট্র ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং জ্বালানির দাম কমে আসবে। ইরান ও ইউক্রেনের যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় চাপের মুখে রয়েছেন তিনি।
ট্রাম্প দাবি করেন, শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করছে। রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষে জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে পাঁচ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সম্পদ লুট এবং সীমান্তব্যবস্থা ধ্বংসের অভিযোগ তোলেন।
এদিকে, শনিবার ফ্লোরিডায় স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে আগাম ভোট দেন ট্রাম্প। পরে জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সের পক্ষে প্রচারে অংশ নেন তিনি। মধ্যবর্তী নির্বাচনের আগে দুই দলের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে মার্কিন রাজনীতিতে নির্বাচনী উত্তাপ আরও বাড়ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
