আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে টানা তৃতীয় ম্যাচেও ভারতীয় দলে জায়গা হয়নি ১৫ বছরের বৈভব সূর্যবংশীর। ওপেনিংয়ে এখনও ভরসা রাখা হচ্ছে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের ওপর। ফলে বেঞ্চেই সময় কাটাতে হচ্ছে তরুণ বৈভবকে। অভিষেক এবং সঞ্জু, দু'জনের কেউই সব ম্যাচে নজর কাড়তে পারেননি। তবে প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতে, বৈভবকে বাইরে রাখার মতো যথেষ্ট পারফরম্যান্স করে চলেছেন সঞ্জু। যদিও তাঁর মতে, বৈভবের আরও সুযোগ পাওয়া উচিত। কিন্তু ভারতীয় দলে জায়গার লড়াই এতটাই কঠিন যে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই তরুণ ব্যাটারের।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'আমার মনে হয়, এই মুহূর্তে সঞ্জু এতটাই ভাল করছে, বৈভবকে বাইরে থাকতে হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও, বৈভবকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা কী-ই বা করতে পারি? জীবনে এমন পরিস্থিতি আসে। ভারতীয় দল এবং টিম ম্যানেজমেন্ট সবাই জানে, অভিষেক শর্মাকে বাদ দেওয়া যায় না।' অশ্বিনের মতে, অভিষেক এমন একজন ব্যাটার, যিনি একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। অশ্বিন বলেন, 'অভিষেক অসাধারণ ক্রিকেটার। ওর ব্যাট একবার চলতে শুরু করলে ভারতের হয়ে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।'
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ তে অভিষেকের ব্যাটেই এসেছিল বড় অবদান। মাত্র ৩০ বলে ৬৯ রান করে ভারতের ১৪ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। অভিষেকের প্রশংসা করে অশ্বিন জানান, গত কয়েক মাসে কঠিন উইকেটেও নিয়মিত রান করছেন এই বাঁ হাতি ওপেনার। তাঁর উন্নতির গ্রাফও ঊর্ধ্বমুখী। অশ্বিন বলেন, 'অভিষেক দুর্দান্ত ক্রিকেটার। ও ধীরে ধীরে শিখবে। গত দুই, তিন মাসে কঠিন উইকেটেও ওকে রান করতে দেখছি। এটা ইতিবাচক দিক। ওর গ্রাফ ওপরের দিকে যাচ্ছে। থেমে নেই, নীচেও নামছে না। ওর ব্যাটিং দেখতে আমার সবসময় ভাল লাগে। ওর স্টাইল, ছন্দ আর টাইমিং অসাধারণ। সবকিছু এত সহজ মনে হয়।' তবে একইসঙ্গে অশ্বিন জানান, বৈভবকে দীর্ঘদিন বেঞ্চে বসিয়ে রাখার মতোও পরিস্থিতি নয়।
অশ্বিন বলেন, 'এশিয়ান গেমসে অভিষেকের সঙ্গে ওপেন করেন বৈভব। সেক্ষেত্রে সঞ্জুকে তিন নম্বরে নামানো সম্ভব। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের টপ অর্ডারে আক্রমণাত্মক ভারসাম্য আরও বাড়তে পারে। এরপর চার নম্বরে ঈশান কিষাণ এবং পাঁচ নম্বরে শ্রেয়স আইয়ারকে খেলানো যেতে পারে। তাতে ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী এবং আগ্রাসী হবে। তবে শেষ সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকেই।'
