মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার দায়ে দুইজনকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নে অবস্থিত মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
প্রশাসন সূত্রে জানা যায়, ইটভাটায় ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কাটা হচ্ছিল। এ বিষয়ে খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন। অভিযানে জড়িত দুইজনকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইটভাটায় ব্যবহারের জন্য এই মাটি কেটে নেওয়া হলে জমির উর্বরতা কমে যায়, যা দীর্ঘ মেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত করতে পারে।
তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
