অনলাইনে বেশি লাভের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে বগুড়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজিম উদ্দিন (৪২), ওবায়দুর রহমান (৪০) ও নুরুল ইসলাম (৪১)। তাঁদের মধ্যে নাজিম উদ্দিন ও ওবায়দুর রহমানের বাড়ি শাজাহানপুর উপজেলায়। নুরুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
ডিবি পুলিশ জানায়, একটি চক্র অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করত। পরে এসব অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ জমা রাখলে বেশি লাভের প্রলোভন দেখিয়ে আরও টাকা নেওয়া হতো। এভাবে চক্রটি অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর আসামিদের ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে Binance, Cross Market, Platin Passport, Abrix Labs ও Fundfx নামের বিভিন্ন অ্যাপ্লিকেশনে লেনদেনের তথ্য পাওয়া গেছে। মুঠোফোনগুলোতে একাধিক জিমেইল অ্যাকাউন্টের সন্ধানও পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
ডিবির ওসি ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।
