শারদীয় দুর্গোৎসবের আনন্দে মুখরিত চারপাশ। আর উৎসবের এই আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পিছিয়ে নেই ঢালিউড তারকা বিদ্যা সিনহা সাহা মিম। পূজার শুরুতে ষষ্ঠীর দিনে স্বামী ও পরিবারকে সঙ্গে নিয়ে পূজার আনন্দে মেতে উঠার বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, স্বামী সনি পোদ্দার এবং পরিবারের প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন ও উৎসবের আনন্দ উপভোগ করছেন তিনি। ছবির ক্যাপশনে লিখে ‘শুভ ষষ্ঠী’, সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল ভালোবাসার ইমোজি। ছবিগুলোতে মিমের প্রাণবন্ত উপস্থিতি এবং পরিবারের সঙ্গে তাঁর সুন্দর মুহূর্ত ভক্তদের মন জয় করে নিয়েছে।

উৎসব মানেই প্রিয়জনদের সান্নিধ্য আর ফ্যাশনে নতুন মাত্রা যোগ করা। আর যেকোনো উৎসবে মিমের ফ্যাশন সচেতনতা সবসময়ই ভক্তদের নজর কাড়ে। এবারও শারদীয় দুর্গাপূজার সূচনাতেই তাঁর সেই সিগনেচার স্টাইল ফুটে উঠেছে।
পূজার শুরুতে স্বামী সনি পোদ্দার ও পরিবারের সদস্যদের নিয়ে মণ্ডপে ঘুরে বেড়ানো এবং উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে তাঁকে। পরিবারের সঙ্গে সময় কাটানো, ঐতিহ্যবাহী পোশাকের ছোঁয়া আর ঘরোয়া আবহে হাসিখুশি মুহূর্ত সব মিলিয়ে মিমের পূজার জীবনধারা অনুসারীদের জন্য যেন এক নতুন অনুপ্রেরণা।

উৎসবের এই দিনগুলোতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরে তিনি প্রমাণ করলেন, কর্মব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে কাটানো ভালোবাসার সময়গুলোই জীবনের আসল সৌন্দর্য।

বাংলাদেশের মডেল ও চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা সাহা মিম। ২০০৭ সালে ‘ল্যাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে তাঁর যাত্রা শুরু হয়। কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় তাঁর অভিষেক ঘটে।

দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে কেবল রূপের গণ্ডিতে আবদ্ধ রাখেননি, বরং অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়ে জয় করেছেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা দুই মাধ্যমেই তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ‘পরাণ’ এবং ‘দামাল’ এর মতো ব্যবসাসফল ও প্রশংসিত চলচ্চিত্রে তাঁর অভিনয় তাঁকে ঢালিউডের শীর্ষ অভিনেত্রীদের সারিতে এনে দাঁড় করিয়েছে। ব্যক্তিগত জীবনে ২০২২ সালের শুরুতে ব্যবসায়ী সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
