বগুড়ার ধুনটে প্রাক্তন স্ত্রীর বসতঘরে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের মামলায় দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট ও নন্দীগ্রাম থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। রোববার (১৮ অক্টোবর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার মৃত ছাবেদ আলী মণ্ডলের ছেলে মো. নুরনবী মণ্ডল (৫০) ও তাঁর ভাই কাফের আলী মণ্ডল (৫৪)।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর গভীর রাতে ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভরণশাহি এলাকায় মুক্তা খাতুনের বসতঘরের এক কোণায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর মূল অভিযুক্ত মুক্তা খাতুনের প্রাক্তন স্বামী পারভেজ পালিয়ে যান। তবে তাঁর সঙ্গে থাকা সাব্বির নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগী মুক্তা খাতুন পশ্চিম ভরণশাহি গ্রামের মৃত জেল হোসেন মণ্ডলের মেয়ে। তাঁর প্রাক্তন স্বামী পারভেজের বাড়ি ধুনট মোড় এলাকায়। স্থানীয়দের দাবি, মুক্তা খাতুনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ১৪ আগস্ট রাতেও তাঁকে ও তাঁর পরিবারকে লক্ষ্য করে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
পুলিশ জানায়, অগ্নিসংযোগের মামলায় নন্দীগ্রাম থেকে গ্রেপ্তার দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে রোববার বগুড়ার আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ধুনট থানা পুলিশ আরও জানায়, মামলার মূল অভিযুক্ত পারভেজসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
The post ধুনটে প্রাক্তন স্ত্রীর ঘরে অগ্নিসংযোগ, দুই সহযোগী গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
