‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম। তিনি বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাস, সতর্কতা ও পারিবারিক সচেতনতার বিকল্প নেই। অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে সঠিক উপায়ে আত্মরক্ষা ও উদ্ধার তৎপরতা চালানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, সাব-রেজিস্ট্রার আহমেদ রাকিব উল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন ও বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল জরুরি মুহূর্তে অগ্নিদুর্ঘটনা রোধ, আত্মরক্ষা ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করে।
জেএইচআর
