ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে, তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।
সোমবার (১৯ অক্টোবর) ইসির এক নির্দেশনায় দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর আগে যাদের জন্ম এবং যারা চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এ লক্ষ্যে আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে। এসব আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচনের তফসিল জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে গত আগস্টে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন। সে সময় ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু এবং সেপ্টেম্বরে তফসিল ঘোষণার কথা ছিল। এ লক্ষ্যে ভোটার তালিকা মুদ্রণের কাজ শুরুরও পরিকল্পনা ছিল। তবে সেই পরিকল্পনা অনুযায়ী নির্বাচনপ্রক্রিয়া এগোয়নি।
