লভ্যাংশকে কেন্দ্র করে পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলসের শেয়ার দর হঠাৎ করে বেড়ে গেছে। মাত্র এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ১৮ টাকা ৬০ পয়সা। আর ছয় মাসে শেয়ারপ্রতি দর বেড়েছে ৩১ টাকা ৭০ পয়সা।
অনুসন্ধানে দেখা যায়, ডিএসইতে গত সোমবার (১৯ অক্টোবর) মতিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি সমাপনী দর দাঁড়ায় ৭৮ টাকা ৩০ পয়সা। যেখানে এক মাস আগে গত ২২ সেপ্টেম্বর শেয়ারপ্রতি দর ছিল ৫৯ টাকা ৭০ পয়সা। এক মাসে কোম্পানির শেয়ারপ্রতি দর বেড়েছে ১৮ টাকা ৬০ পয়সা, যা ৩১ দশমিক ১৬ শতাংশ। এ ছাড়া ছয় মাস আগে ২৩ এপ্রিল শেয়ারপ্রতি দর ছিল ৪৬ টাকা ৬০ পয়সা। গত ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি দর বেড়েছে ৩১ টাকা ৭০ পয়সা, যা ৬৮ দশমিক শূন্য তিন শতাংশ।
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার। ওইদিন শেয়ারপ্রতি সমাপনী দর দাঁড়ায় ৭৮ টাকা ৩০ পয়সা। সেই হিসেবে গত সোমবার কোম্পানির মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন দাঁড়ায় ৭৬৩ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা। গত ২২ সেপ্টেম্বর কোম্পানিটির মোট শেয়ারের বাজার মূলধন হয়েছিল ৫৮২ কোটি এক লাখ ৫৩ হাজার টাকা। এক মাসে মোট শেয়ারের মাধ্যমে বাজার মূলধন বেড়েছে ১৮১ কোটি ৩৩ লাখ ১৪ হাজার টাকা। আর ছয় মাসে মোট শেয়ারের মাধ্যমে বাজার মূলধন বেড়েছে ৩০৯ কোটি চার লাখ ৩৩ হাজার টাকা।
লভ্যাংশকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ার দর এতো বৃদ্ধির বিষয়টি ইতোমধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে সিকিউরিটিজ হাউজগুলোতে। এর ধারায় শেয়ারটির দর ও লেনদেনে ঊর্ধ্বগতির অন্য কারণ রয়েছে কি না সেইসব বিষয় খতিয়ে দেখার অনুরোধ করেন বিনিয়োগকারীরা।
শেয়ার দর বৃদ্ধি প্রসঙ্গে কোম্পানিটির একাধিক কর্মকর্তা বলেন, মতিন স্পিনিং ব্যবসা ভাল করেছে। কোম্পানির তৃতীয় প্রান্তিকে মুনাফা ভাল করেছে। তখন থেকেই অনেকে বিনিয়োগকারী ধারণা করেছিল, এবারে কোম্পানিটি আগের চেয়েও বেশি লভ্যাংশ দিতে পারে। এতে কোম্পানিটির শেয়ারপ্রতি আগ্রহও তাদের বেশি ছিল। এরই ধারায় গত কয়েক মাস ধরেই কোম্পানির শেয়ার ক্রয়ের চাপ বাড়ে। যার কারণে শেয়ার দর এতো বেড়েছে।
গত সপ্তাহের শেষদিকে কোম্পানিটি সবশেষ অর্থবছরে লভ্যাংশ ঘোষণা জানিয়ে তারা বলেন, এতে আগের ২০২৪-২০২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২০২৬ অর্থবছরের বেশি লভ্যাংশ দিয়েছে। আলোচিত অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। পাশাপাশি শেয়ারপ্রতি সম্পদমূল্যও বেড়েছে।
কোম্পানি সূত্রে জানা যায়, মতিন স্পিনিংয়ের সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। কোম্পানিটি ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ছয় টাকা ৩৬ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে পাঁচ টাকা ৩১ পয়সা। গত ৩০ জুন পুনর্মূল্যায়ন রিজার্ভসহ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৯ পয়সা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টা ৩০ মিনিটে হাইব্রিড প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এজন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।
এর আগে ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) জন্য বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে চার টাকা ৭০ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছিল ১১ টাকা ৬৭ পয়সা এবং পুনর্মূল্যায়ন রিজার্ভসহ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ৬৯ টাকা ৮৯ পয়সা।
ডিএসইর সূত্রে জানা যায়, ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় মতিন স্পিনিং মিলস। এ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৪৯ লাখ টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩২ দশমিক ৭২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪২ দশমিক শূন্য ছয় শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৫ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে।
