মাগুরা সদর উপজেলার ১ নম্বর হাজীপুর ইউনিয়নে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ইউনিয়নের ফুলবাড়ী হাজী মতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজীপুর ইউনিয়নের উদ্যোগে এবং ফুলবাড়ী হাজী মতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও ভিশন ড্রাগস লিমিটেড, মাগুরার ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হাসান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। প্রধান বক্তা ছিলেন সাবেক সিএসপি কর্মকর্তা ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান ফয়জুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম (টিটব)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হয় এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ে।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের উন্নয়ন ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় বিদ্যালয় প্রতিষ্ঠা এবং এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সাবেক সিএসপি কর্মকর্তা ফয়জুল কবীরের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষার প্রসারে তাঁর আন্তরিক প্রচেষ্টা এবং দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ ছাড়া বিশিষ্ট সমাজসেবক এরফান আহম্মেদ লুটু শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএ
