অভিনেতা মোশাররফ করিমকে 'ম্যাজিশিয়ান' আখ্যা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। একটি পডকাস্টে অতিথি হিসেবে এসে তিনি তার সঙ্গে আবার কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।
দুই বাংলার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জয়া আহসান। নিজ নিজ অভিনয়গুণে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শকদের কাছেও তারা নিজেদের অবস্থান তৈরি করেছেন। একসঙ্গে কাজের অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও সহশিল্পীর প্রতিভার প্রতি দুজনেরই গভীর শ্রদ্ধা রয়েছে।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তার অভিনয়প্রতিভা নিয়ে কথা বলেন জয়া। এ সময় তিনি এই অভিনেতাকে 'ম্যাজিশিয়ান' আখ্যা দেন। পাশাপাশি পরিচালকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন দুজনকে নিয়ে নতুন কাজের পরিকল্পনা করেন।
জয়া আহসান বলেন, 'মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান। কিন্তু ওনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আশা করি, পরিচালকরা আমার কথাগুলো শুনবেন। আমি চাই, ওনার সঙ্গে আমার কাজ হোক, নিশ্চয়ই উনিও তাই চান। কিন্তু হয়ে ওঠেনি।'
মোশাররফ করিমের অভিনয়শৈলী নিয়ে মুগ্ধতার কথা জানিয়ে জয়া আরও বলেন, 'আমরা একসঙ্গে একটা টেলিভিশন নাটক করেছিলাম। সেটাই এখন সারাক্ষণ অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখি। মোশাররফ করিম ভীষণ গুণী অভিনেতা, উনি আমার ভীষণ পছন্দের।'
জয়ার এই বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে দুই তারকার একসঙ্গে অভিনয়ের স্মৃতি। ২০১১ সালের ঈদুল ফিতরে একুশে টেলিভিশনে প্রচারিত হয়েছিল ইশতিয়াক আহমেদ রুমেল পরিচালিত নাটক 'ঈদের ডায়েরি'। প্রচারের পর নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
দেড় দশক পেরিয়ে গেলেও নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ ফুরিয়ে যায়নি। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এর উপস্থিতিই তার প্রমাণ।
মোশাররফ করিম ও জয়া আহসান-দুজনেরই রয়েছে স্বতন্ত্র অভিনয়শৈলী ও দর্শকপ্রিয়তা। তাই তাদের একসঙ্গে নতুন কোনো কাজ দেখার প্রত্যাশা করছেন ভক্তরা। এখন দেখার বিষয়, নির্মাতাদের উদ্যোগে আবারও পর্দায় একসঙ্গে দেখা যায় কি না এই দুই অভিনয়শিল্পীকে।
বিআলো/শিলি