সুনামগঞ্জের সীমান্ত উপজেলা দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ মোতালেব ভূইয়া কুপিয়েছে মাদক কারবারী। এ ঘটনায় আহাদ ভূইয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক আহাদ ভূইয়া চৌধুরী পাড়ার বাসিন্দা। চিহ্নিত মাদক ও চোরাকারবারী। তার বিরুদ্ধে মাদকের একাদিক মামলা আছে। সম্প্রতি মাদক সীমান্ত মাদক ও চোরাচালান নিয়ে নিউজ করায় তার উপর ক্ষিপ্ত হয়ে রোববার অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত সাংবাদিক এম এ মোতালেব ভূইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট লেখা পর্যন্ত রোগী সিলেটের পথে আছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, হামলাকারী আহাদকে আটক করা হয়েছে। আরও কারা এ ঘটনায় জড়িত, তা খোঁজ নেয়া হচ্ছে। পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়ে অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
