সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়ন ও প্রক্রিয়া সহজ করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) নতুন সংস্করণ ২.০ বাস্তবায়নের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)। এ লক্ষ্যে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং (বিপিআর) কার্যক্রম দ্রুত সম্পন্নের তাগিদ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রোববার ঢাকায় বাংলাদেশ পরিকল্পনা কমিশন চত্বরে বিপিপিএর সম্মেলন কক্ষে সংস্থাটির পরিচালনা পর্ষদের পঞ্চম সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের এ সভায় জ্যেষ্ঠ সহসভাপতি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। এছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব এবং পরিচালনা পর্ষদের সহসভাপতি সিরাজুন নূর চৌধুরী সভায় অংশ নেন।
বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্য সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামানসহ অন্য সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
সভায় ই-জিপি ব্যবস্থার আধুনিকায়ন এবং ক্রয় প্রক্রিয়া আরো সহজ করার লক্ষ্যে বিদ্যমান প্ল্যাটফর্মকে ২.০ সংস্করণে উন্নীত করার চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। নতুন সংস্করণ বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং কার্যক্রম দ্রুত শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া বিপিপিএর সম্প্রতি অনুমোদিত ১১০ জনবলবিশিষ্ট সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা করেন পরিচালনা পর্ষদের সদস্যরা। সংস্থাটির কার্যক্রম পরিচালনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট চাকরি প্রবিধানমালা প্রণয়নের অগ্রগতিও সভায় পর্যালোচনা করা হয়।
সরকারি ক্রয়ব্যবস্থায় সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ২০০২ সালে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) প্রতিষ্ঠা করা হয়। পরে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (বিপিপিএ) রূপান্তর করা হয়।
এর আগে চলতি বছরের ৯ জুলাই সংস্থাটির পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়।
