নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর আব্দুস সালাম আজাদ। রোববার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নিজ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি যশোর সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে সফলতার সাথে কর্মরত ছিলেন। নবাগত অধ্যক্ষ কলেজে পৌঁছালে যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
দায়িত্ব গ্রহণ ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মুকুল হায়দার। এছাড়া, আরও উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক সম্পাদক আব্দুল হালিম, ড. আনওয়ার ইকবাল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মদন মোহন দাস, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হিসাব বিভাগের উপ-পরিচালক ফজলুর রহমান, অডিট অফিসার খুরশিদ মল্লিক এবং সিটি কলেজের প্রধান সহকারী আসলাম হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ।
