সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও মহানগর কমিটি। শনিবার নগরীর মিরাবাজার এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে গ্রেফতারকৃত প্রধান শিক্ষকের নিঃশর্ত মুক্তি দাবি এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের ওপর এ ধরনের হামলা শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশ ও শিক্ষকসমাজের মর্যাদার জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাশিস সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আহমদ আলীর সভাপতিত্বে এবং সচিব অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলার সাবেক সভাপতি এ এইচ এম ইসরাইল আহমদ, কানাইঘাট শাখার সভাপতি ফজলুর রহমান, সিলেট মহানগর সভাপতি মো. জামাল উদ্দিন, জেলার সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, মহানগরের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান, জেলার অতিরিক্ত সচিব রিপন সূত্রধর, সহকারী সচিব ও কানাইঘাট উপজেলা শাখার সচিব মো. এনামুল হক, জেলার সহসভাপতি মোহাম্মদ জাবের আলী, সহসাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও বিয়ানীবাজার শিক্ষক সমিতির আহ্বায়ক শাহ মোহাম্মদ হাকিম আহমদ, দপ্তর সম্পাদক মো. হারুনুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আসমা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শফিকুর রহমান, তথ্য সচিব মো. নাজমুল ইসলাম, বিয়ানীবাজার বাশিসের সচিব অসীম কান্তি তালুকদার, গোলাপগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি মো. মুক্তার হোসেন, বাশিসের প্রকাশনা সম্পাদক মো. আফতাব উদ্দিন এবং মহানগর শিক্ষক সমিতির অর্থ সম্পাদক মো. আবুল কালাম প্রমুখ। বিজ্ঞপ্তি
