ইংল্যান্ড যা কখনও করেনি, রাওয়ালপিন্ডিতে সেটাই করে দেখালেন ব্রুক
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হ্যারি ব্রুক। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটের ৫৬ বছরের ইতিহাসের সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড এটি। তার অবিশ্বাস্য ইনিংসের সুবাদে ইংল্যান্ড ৪২৯ রানের পাহাড়সমান সংগ্রহ দাঁড় করিয়েছে।
রাওয়ারপিন্ডিতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্রুকের ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ডের করা ৪২৯ রান ওয়ানডেতে ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো দলের করা সর্বোচ্চ রান। এছাড়া এটি পাকিস্তানের মাটিতে যে কোনো দলের করা সর্বোচ্চ রানের ইনিংস।
ব্রুকের ঝড় তোলা ২০২ রানের ইনিংসটিতে ছিল ২১ চার ও ১০ ছক্কার মার। জো রুটের সাথে তৃতীয় উইকেট জুটিতে করা ১৫৯ রান এবং উইল জ্যাকসের সাথে চতুর্থ উইকেট জুটিতে ১৮৫ রানের দুর্দান্ত জুটি দলকে বিশাল সংগ্রহ এনে দেন। ইনিংসের শেষ ওভারে প্যাডেল সুইপ থেকে চার মেরে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিশ এই হার্ড হিটার ব্যাটার।
শেষ বলে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ব্রুকের ডাবল সেঞ্চুরিতে ক্রিস গেইলের পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই শতক পূর্ণ করার মাইলফলক স্পর্শ করলেন ব্রুক। ইনিংসের শুরুতে অবশ্য দেখেশুনেই শুরু করেছিলেন ব্রুক।
প্রথম ২৪ বলে তার সংগ্রহ ছিল মাত্র ১৩ রান। তবে কামিন্দু মেন্ডিসের ওভারে টানা দুই ছক্কা মেরে নিজের ব্যাটিং তান্ডব শুরু করেন। চার-ছক্কার ফুলঝুরিতে ৭৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ততক্ষণে রুট ৬৯ রান করে আউট হলেও ব্রুকের রান তোলার গতি থামানো যায়নি। উইল জ্যাকস মাত্র ২৫ বলে ফিফটি করে তাকে দারুণভাবে সহায়তা করেন। মাদুশঙ্কাকে ছক্কা হাঁকিয়ে স্টোকসের ১৮২ রানের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন ইতিহাস গড়েন ব্রুক।
এর আগে টস হেরে ব্যাটে নেমে সাবধানী শুরু করে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তোলার পর দ্রুতই দুই ওপেনারকে হারায়। টম ব্যান্টন টানা চতুর্থ ইনিংসে ফিফটি করেন। অন্যপ্রান্তে বেন ডাকেট জীবন পেলেও ৩৯ বলে ২৯ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। প্রাথমিক ধাক্কা সামলে ব্রুক ও জ্যাকসের বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ড পৌঁছে যায় ৪২৯ রানের পাহাড়সম রানে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
